বুড়িচং নিমসার বাজারে কলেজ ফটকের অবৈধ স্থাপনা উচ্ছেদ
বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজের ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ- সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫৪ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজের ফটকের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজের ফটকের সামনে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলো স্থানীয় একটি মহল।
বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান, হাইকোর্টে রিট পিটিশনের রায়ের পরিপ্রেক্ষিতে নিমসার জুনাব আলী কলেজ সংলগ্ন সড়ক ও জনপদ অধিদপ্তরের ভূমিতে অবৈধ দোকানঘর ও স্থাপনা উচ্ছেদের নোটিশে এ উচ্ছেদ করা হয়েছে।
কলেজর অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার জানান, বিগত সময়ে এই স্থানটিতে বাজার থাকার কারণে শিক্ষার্থীরা চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হত। এছাড়া মেয়েদের চলাচলের পথে ইভটিজিংয়ের শিকার হতে হয়েছে। উচ্ছেদ অভিযান হওয়ার কারণে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এসেছে।
এর আগে একবার আংশিক উচ্ছেদের পর অভিযান বন্ধ ছিলো এবং পরে আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠলে এবার কি ব্যবস্থা নেবেন এমন প্রশ্নে নির্বাহী অফিসার ইমরুল হাসান জানান, অবৈধ স্থাপনা যেন না গড়ে উঠে সেজন্য উপজেলা প্রশাসন ফলোআপ করবে। উচ্ছেদ অভিযানের পরে আমরা উদ্ধার করা জমিতে বৃক্ষরোপণ করেছি।
বাজার সমিতির সদস্য মাসুদ রানা, দুলাল, শাহ আলম জানান, উচ্ছেদ অভিযানের কারণে ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হয়েছে। আদালতের আদেশ ব্যবসায়ীরা মেনে নিয়ে বর্তমান স্থান থেকে ৫শ’ গজ পশ্চিমে নিজস্ব জায়গায় নতুন করে স্থাপনা করেছে।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মো. আহাদ উল্লাহ, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাজ্জাদ হোসেন, এস আই নন্দন চন্দ্র সরকারসহ বাজার কমিটির সদস্যরা।
- বিষয় :
- অবৈধ স্থাপনা উচ্ছেদ
- বুড়িচং
