ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

পুলিশের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির সাত নেতাকর্মী রিমান্ডে

পুলিশের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জে বিএনপির সাত নেতাকর্মী রিমান্ডে
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:১২

নারায়ণগঞ্জে বিজয় দিবসের র‌্যালিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির সাত নেতাকর্মীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করেছিল সদর মডেল থানা পুলিশ।

রিমান্ডে নেওয়া অন্য আসামিরা হলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নূর এলাহী সোহাগ ওরফে রাকিব, বিএনপি কর্মী স্বপন মিয়া, কামরুল হাসান, মামুন ও কাজল।

গত সোমবার শহরের ২নং রেলগেট ও সাধু পৌলের গির্জার সামনে বিজয় দিবসের র‌্যালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দেওয়ায় বাধা দেয় পুলিশ। এতে পুলিশের ওপর চড়াও হয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় দুই পুলিশ কর্মকর্তা হামলার শিকার হন। এ ঘটনায় রাতে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানায় মামলা করেন এসআই সাইফুল ইসলাম। মামলায় জেলা বিএনপি সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় বুধবার উচ্চ আদালত থেকে বিএনপির ১০ নেতা আগাম জামিন নিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার ভোরে মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে তার শহরের খানপুরের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার রাতে পুলিশের দায়ের করা একটি মামলায় বুধবার উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তিনি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওসি আসাদুজ্জামান জানান, ২০১৮ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×