ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ফেরি চলাচল বিঘ্নিত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০১:৫০
ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ৬টা থেকে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, শনিবার ভোররাত থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। ঘনকুয়াশার প্রকোপ বেড়ে সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট, নৌপথ দৃষ্টিসীমার আড়ালে চলে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে আটকে পড়ে ৬টি ফেরি। বন্ধ হয়ে যায় লঞ্চ ও স্পিডবোট চলাচল। তবে সকাল ৮টা থেকে লঞ্চ ও স্পিডবোটগুলো ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে গেলেও মাঝ নদীতে গিয়ে দীর্ঘ সময় নোঙ্গর করে রাখে। দীর্ঘ সময় নদী ও ঘাটে আটকে থেকে কনকনে শীতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহান।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জসিমউদ্দিন বলেন, কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। ১১টার পর ফেরিসহ নৌযান চলাচল শুরু হয়েছে। এখনও নদীতে কুয়াশা রয়েছে।
- বিষয় :
- কুয়াশা
- ফেরি চলাচল
- শিমুলিয়া-কাঠালবাড়ি
