চট্টগ্রামে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক এসএমই মেলা উদ্বোধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৩
চট্টগ্রাম নগরের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড স্টোরে চট্টগ্রাম চেম্বারের তিন দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক এসএমই মেলার উদ্বোধন হয়েছে। শনিবার দুপুরে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন। ২৩ ডিসেম্বর পর্যন্ত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দিন আজাদ, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন প্রমুখ।
এবারের মেলায় প্রাইম জোনে ১৯টি ও জেনারেল জোনে ৩৮টি স্টল রাখা হয়েছে। এসব স্টলে থাকছে সাতটি ব্যাংক, প্লাস্টিক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি পণ্য, কৃষি প্রযুক্তি, হ্যান্ডিক্র্যাফটস, জামদানি, প্যাকেজিং, প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, কুমিল্লার খাদি, রংপুরের শতরঞ্জি, রাঙামাটির কোমর তাঁতসহ ৪৫টিরও বেশি প্রতিষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, ‘মাত্র কয়েক বছরে একটানা ৭ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। অর্থনীতির বড় খাত আরএমজি। দ্বিতীয় হচ্ছে লেদার গুডস। কিন্তু দুই খাতের মধ্যে অনেক পার্থক্য। সরকার ব্যবসাবান্ধব। তাই সরকার আইটিসহ চারটি খাতের উন্নয়নের উদ্যোগ নিচ্ছে। চট্টগ্রামকে আমি ভালোবাসি। চট্টগ্রামের বাণিজ্যিক ইতিহাস শত বছরের বেশি। চট্টগ্রাম চেম্বার চট্টগ্রামে অনেক বছর ধরে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, আন্তর্জাতিক এসএমই এর মতো নানা মেলার আয়োজনসহ কাস্টম হাউসে অটোমেশন চালু এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করেছে। যা সত্যি প্রশংসনীয়। দেশের অর্থনীতিতে এসএমই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’ দেশের তরুণদের চাকরি না খুঁজে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং সুযোগকে সঠিকভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশে ৮০ লাখ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমরা এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝারি উদ্যোক্তায় পরিণত করতে চাই। জাপান ও চীনে প্রচুর এসএমই উদ্যোক্তা আছেন। ফলে তাদের অর্থনীতি শক্তিশালী। তাদের টেকসই উন্নয়নও হচ্ছে। এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ দিতে হবে। পণ্যের গুণগতমান ও ভ্যালু বাড়াতে সরকারি ও বেসরকারি গবেষণা, পরামর্শ, সহযোগীতারও প্রয়োজন রয়েছে। এ খাতের উন্নয়নে এসব বিষয় নিশ্চিত করতে হবে।’
- বিষয় :
- চট্টগ্রাম
- এসএমই মেলা
