ঘন কুয়াশায় চট্টগ্রামে বিমান ওঠানামা ব্যাহত
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৮:১১
ঘন কুয়াশার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক ব্যাহত হয়েছে।
শনিবার সকালে তিনটি আন্তর্জাতিক বিমান শিডিউল অনুযায়ী অবতরণ করতে পারেনি। তবে সকাল ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিডিউল এলোমেলো হওয়ায় যাত্রীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।
শাহ আমানত বিমানবন্দরের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘন কুয়াশার কারণে সকালের দিকে রানওয়ের কার্যক্রমে সাময়িক সমস্যা হয়েছে। ফলে শিডিউল অনুযায়ী তিনটি বিমান নামতে পারেনি। এই সময়ে অবশ্য কোন বিমানের উড্ডয়নের শিডিউল ছিল না। তবে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।’
বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্য থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট প্রায় ৪৫ মিনিট বিলম্বে সকাল ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। এভাবে আরও দুটি ফ্লাইট ১৫ মিনিট থেকে আধাঘন্টা দেরিতে বিমানবন্দর অবতরণ করে।
চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের আবহাওয়া অফিসের পরিচালক মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, চলতি শীত মৌসুমে এই পর্যন্ত শনিবারের তাপমাত্রা ছিলো সর্বনিম্ন। শীতের সঙ্গে ঝাঁপিয়ে পড়ছে ঘন কুয়াশাও।
- বিষয় :
- চট্টগ্রাম
- বিমানবন্দরে কুয়াশা
