চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৬
চট্টগ্রামে জেসমিন আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার নগরের ইপিজেড থানার বন্দরটিলা বপআলী মুন্সী রোডের মুন্সীবাড়ির ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেসমিন নগরের সিইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। মরদেহ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী আব্দুর রাজ্জাককে (৩০) আটক করা হয়েছে। তিনি পেশায় একজন বাবুর্চি। পুলিশের ধারণা, শ্বাসরোধে জেসমিনকে হত্যা করা হয়েছে।
প্রতিবেশীরা জানান, প্রতি রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। সর্বশেষ শুক্রবার রাতেও তাদের দু'জনের মধ্যে ঝগড়া হয়।
ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গণি বলেন, রাজ্জাক প্রথম বিয়ের কথা গোপন রেখে জেসমিনকে বিয়ে করেন। জেসমিনেরও এটি দ্বিতীয় বিয়ে। জেসমিন তার প্রথম বিয়ের বিষয়টি গোপন করেননি। এসব নিয়ে তিন-চার দিন ধরে রাজ্জাকের সঙ্গে জেসমিনের সম্পর্কের অবনতি হয়। শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে তার স্বামীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
ইপিজেড থানার ওসি নুরুল হুদা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। আশা করছি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার কারণ ও এর সঙ্গে জড়িত কারা ছিল, তা স্পষ্ট হবে।
