পদ্মায় নিখোঁজের তিনদিন পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৫:৫৯ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩৬
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজের তিনদিন পর দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। রোববার দুপুরে ডুবে যাওয়া ট্রলারের কেবিনের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।
এর আগে শুক্রবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি এলাকায় পদ্মায় ওই ট্রলারডুবিতে চার শ্রমিক নিখোঁজ হন।
যে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে তারা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০) ও আবুল শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) ।
এছাড়া একই এলাকার আলতাফ প্রামাণিকের ছেলে ফারুক প্রামাণিক (৪০) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩) নিখোঁজ রয়েছেন।
গোয়ালন্দের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, পাবনা থেকে পাথরবোঝাই ওই ট্রলার শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার ঘাট এলাকায় যাচ্ছিল। ট্রলারটি কাওয়ালজানি এলাকায় পৌঁছলে প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে মাঝখানে ভেঙে দুই ভাগ হয়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি চারজন পারেননি। তিনদিন চেষ্টা চালিয়ে রোববার দুইজনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান চলছে।
- বিষয় :
- গোয়ালন্দ
- রাজবাড়ী
- ট্রলারডুবি
