ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বাবার কাছে চাঁদা না পেয়ে ছেলেকে গুলি ছাত্রলীগ নেতার

বাবার কাছে চাঁদা না পেয়ে ছেলেকে গুলি ছাত্রলীগ নেতার
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৯:২০

রাজবাড়ীর পাংশায় ছাত্রলীগ নেতার নির্দেশে তার দেহরক্ষীর গুলিতে আজিমুদ্দিন মণ্ডল নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। আজিমুদ্দিনের বাবার কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে গুলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রের বাবাও আওয়ামী লীগ কর্মী।

শনিবার রাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের তত্বিপুরে এ ঘটনা ঘটে। আজিমুদ্দিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একই ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের আজু মণ্ডলের ছেলে আজিমুদ্দিন নবম শ্রেণির ছাত্র।

তার স্বজনদের অভিযোগ, পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাজীবর হাসান সিসিলসহ কয়েকজন চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ রিঙ্কু নামে একজনকে আটক করেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আজিমুদ্দিনের চাচাত ভাই তপু মণ্ডল জানান, তত্বিপুর বাসস্ট্যান্ডের কাছে আজিমুদ্দিনের বাবার ভুষিমালের দোকান। শনিবার রাত ৭টার দিকে আজিমুদ্দিন জামাকাপড় কেনার জন্য দোকানে এসে বসে ছিল। এ সময় সিসিল, রিঙ্কু ও লিমন তার চাচার কাছে চাঁদা চাইতে আসে। চাঁদা না দেওয়ায় তাদেরকে মারধর করে। এক পর্যায়ে সিসিলের নির্দেশে রিঙ্কু পিস্তল দিয়ে গুলি করলে গুলিটি আজিমুদ্দিনের বুকে লাগে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এর পর তারা চলে যায়। রিঙ্কু সিসিলের বডিগার্ড। আহতাবস্থায় আজিমুদ্দিনকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে সিসিলের মোবাইল নম্বরে অনেকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়। সিসিলের বাবা পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা দাবি করে বলেন, তিনি আওয়ামী লীগের সম্মেলনে ঢাকায়। এখন (রোববার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজিমুদ্দিনের বাবার সঙ্গে আছেন। আজিমুদ্দিন ভালো আছে। কারা এ ঘটনা ঘটাল, সে সম্পর্কে খোঁজখবর নিতে হবে।

পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে, সেটি উদ্ধারে পুলিশ তৎপর।

আরও পড়ুন

×