ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

গৌরনদীতে প্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় অভিযুক্ত আটক

গৌরনদীতে প্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় অভিযুক্ত আটক
×

স্বপন মজুমদার -সমকাল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৯ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৪:৫০

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরের কালি প্রতিমার গলা ও কান থেকে স্বর্ণালঙ্কার চুরির ঘটনার দেড় মাসের মাথায় সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া চোর স্বপন মজুমদারকে আটক করা হয়েছে।

রোববার রাতে স্থানীয় জনতা ও মন্দির কমিটির লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। তবে প্রতিমার গলা ও কান থেকে চুরি হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা সম্ভব হয়নি।  

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রনব রঞ্জন দত্ত জানান, গত ৮ নভেম্বর বিকেলে পুরোহিত অনিল চন্দ্র মৈত্র মন্দির অঙ্গনের ভেতরের একটি টয়লেটে যান। এর ফলে প্রায় ৪৫ মিনিট মন্দিরের ভেতরে তাঁরা মায়ের প্রতিমা ঘরটি ফাঁকা ছিল। এ সুযোগে এক চোর মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমার গলা ও কান থেকে প্রায় সাড়ে ৮ ভরি ওজনের ৪ লাখ ১৮ হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করে।

মন্দির কমিটির সদস্য বলরাম চক্রবর্তী জানান, ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে থাকা চোরের চেহারা অনুসন্ধান করে এক পর্যায়ে আমরা চোরের নাম ঠিকানা পেয়ে যাই। এরপর তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করতে রোববার ভোরে পার্শ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের বাজনা এলাকায় যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে সে গ্রাম থেকে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে তাকে একই উপজেলার রামান্দ্রী গ্রাম থেকে আটক করতে সক্ষম হই। এ সময় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। এতে সে সামান্য আহত হয়। এরপর তাকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. গোলাম সরোয়ার জানান, আসল চোরকে আটক করা হলেও চুরি হওয়া স্বর্ণালঙ্কার এখনও উদ্ধার হয়নি। সে পুলিশের জিজ্ঞাসাবাদেও মুখ খুলছে না। আটক চোরের বাড়ি পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের বাজনা এলাকায়। গণধোলাইয়ে সামান্য আহত হওয়ায় রোববার রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয়। পরে সোমবার সকালে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়। 

আরও পড়ুন

×