ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নিখোঁজ জান্নাতির রক্তাক্ত লাশ মিলল ঝোপের মধ্যে

নিখোঁজ জান্নাতির রক্তাক্ত লাশ মিলল ঝোপের মধ্যে
×

ছবি: সমকাল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মন্দবাগ গ্রামে নিখোঁজের পরের দিন জান্নাত আক্তার (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাড়ির পাশে একটি বাঁশবাগানের ঝোপের মধ্যে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জান্নাত আক্তার মন্দবাগ গ্রামের রফিক মিয়ার মেয়ে। সে স্থানীয় মন্দবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাত আক্তার গত রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল। রাতে বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয়। সোমবার সকাল ৮টার দিকে ফের মেয়েকে খুঁজতে বের হন জান্নাতের মা পুতুল আক্তার। এ সময় বাড়ির উত্তর-পশ্চিম দিকে কয়েকশ' গজ দূরে একটি বাঁশঝাড়ের মধ্যে মেয়ের রক্তাক্ত লাশ দেখতে পান তিনি।

খবর পেয়ে কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুতুল আক্তার বলেন, রোববার দুপুরে পুকুরে গোসল করে পাড়ার এক মৃত ব্যক্তিকে দেখতে যায় জান্নাত। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পরনের কাপড় ছিন্নভিন্ন ছিল। গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

কসবা থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×