ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

সিলেটে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন

সিলেটে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন
×

সিলেটে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৩ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, 'বঙ্গবন্ধু আমাদের বাঙালি জাতিসত্তা ও রাষ্ট্র উপহার দিয়েছেন। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মুজিববর্ষে এই মহান নেতার প্রতি জাতি কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবে।' 

সোমবার বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়ে ড. কামাল আবদুল নাসের বলেন, বর্তমান সময়ে সবাই মোবাইলনির্ভর হয়ে পড়েছে। স্যাটেলাইট টেলিভিশনের এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ঘুরে বেড়ায়। এতে কোনো কিছুর গভীরে যাওয়া হচ্ছে না। বই মানুষকে চিন্তার গভীরে নিয়ে যায়। তাই বই পড়তে হবে।

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই বইমেলায় ঢাকার ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ ছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র, মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের কথা, চিরঞ্জিব বঙ্গবন্ধু, জন্মশতবর্ষে তরুণদের ভাবনায় বঙ্গবন্ধুবিষয়ক আলোচনা এবং মুক্তিযুদ্ধবিষয়ক কবিতা আবৃত্তির আয়োজন রয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বইমেলায় আইইএলটিএস প্রশিক্ষণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

×