রাঙামাটিতে নাগরিক পরিষদের হঠাৎ অবরোধে ভোগান্তি
রাঙামাটি অফিস
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৫
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ আইন সংশোধনের দাবিতে সোমবার সকালের দিকে হঠাৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এ সময় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকে যোগদান করতে যাওয়া কমিশনের চেয়ারম্যান ও সন্তু লারমার গাড়িসহ শত শত যানবাহন আটকা পড়ে। আকস্মিক এ অবরোধে বিপাকে পড়েন কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া লোকজনসহ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা হেঁটেই গন্তব্যে পৌঁছেন।
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ আইন সংশোধনের দাবিতে সকালে পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি-চট্টগ্রাম রুটের পাবলিক হেলথ এলাকায় সড়ক অবরোধ করে সমবেশ করে। এ সময় ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নিয়ে তারা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা সোলেয়মান, মাওলানা আবু বক্কর, মো. শাহজাহান, মোরশেদা আক্তার প্রমুখ। সমাবেশ শেষে পরিষদের নেতারা পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ আইন সংশোধনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এদিকে, সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পার্বত্য ভূমি কমিশনের নতুন শাখা অফিসে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ারুল হক। এ সময় কমিশনের অন্যতম সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, বান্দরবান বোমাং সার্কেল চিফ উ চ প্রু, পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মো. আলী মনছুর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ভূমি কমিশন আইনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের কোনো সম্প্রদায়ের অধিকার খর্ব করা হবে না। এ আইনে সবাই সঠিক বিচার পাবেন। আগামী ৩ ফেব্রুয়ারি বান্দরবান জেলায় কমিশনের নতুন শাখা অফিস উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
