ফরিদপুরে আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯ | ১০:৪৭
ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম চৌধুরী (৬৩) ও তার ছেলে শফিকুল ইসলামকে (৩২) হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা।
রোববার দিবাগত রাতে শহরের চক বাজার এলাকায় বাজার বণিক সমিতি সংলগ্ন ওই নেতার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহত সামসুল আলম চৌধুরী ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ভাষাণচর গ্রামের মৃত ইমাম উদ্দিন চৌধুরীর ছেলে।
সামসুল আলমের স্ত্রী পারভীন আলম জানান, রোববার ছিল ফরিদপুরে সাপ্তাহিক হাটের দিন। ঘটনার সময় সামসুল আলম ছেলে শফিকুলকে নিয়ে বাজার বণিক সমিতি সংলগ্ন দোকানে ছিলেন। ওই সময় একদল যুবক অতর্কিতে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সামসুল আলম ও তার ছেলেকে হাতুড়ি দিয়ে পেটাতে শুরু করে। এতে সামসুল আলমের মাথা ও মুখে হাতুড়ির আঘাতে মারত্মক জখম হয়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য সামসুল আলমকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, এক আ.লীগ নেতাকে পেটানো হয়েছে বলে শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
