ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চৌগাছায় ছেলের হাতে মা-বাবা খুন

চৌগাছায় ছেলের হাতে মা-বাবা খুন
×

বাবা-মাকে হত্যার অভিযোগে গ্রেফতার ছেলে মিলন -সমকাল

 যশোর অফিস

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৬

যশোরে চৌগাছার রামকৃষ্ণপুর গ্রামে মহিরুদ্দিন (৬৫) ও আয়না বেগম (৫৫) নামে এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। বুধবার বেলা ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে ছেলে মিলনকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, বুধবার বাবা-মায়ের সঙ্গে ঝগড়া হয় মিলনের। একপর্যায়ে মিলন তার বাবা-মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে মহিরুদ্দিন ও আয়না বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, ঘটনার পরপরই মিলন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধাওয়া করে পাশ্ববর্তী রাজাপুর বড়বাড়ি এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিলনকে আসামি করে মামলা করা হবে। পারিবারিক বিরোধের কারণে হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়রা জানায়, মহিরুদ্দিন ও আয়না বেগমের বাড়ি গ্রামের অন্য বাড়িগুলো থেকে একটু দূরে ফাঁকা জায়গায়। বেলা ১২টার দিকে ওই বাড়ি থেকে চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা গিয়ে মহিরুদ্দিন ও আয়না বেগমকে বাড়ির উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তাদের বড়ছেলে মিলনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তার পিছু নেন। দুপুর একটার দিকে গ্রাাম থেকে তিন-চার কিলোমিটার দূরের একটি মাঠ থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন জানান, মিলন আগে থেকেই মাদকাসক্ত। প্রায়ই নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করতো। মিলনের একমাত্র ছোটভাই লেখাপড়ার জন্য বাড়ির বাইরে থাকে।

তিনি আরো বলেন,  মিলন বছর পাঁচেক আগে গ্রামের খায়রুল নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে। এরআগেও তাকে বিয়ে না দেওয়ায় বাবাকে কুপিয়ে মারাত্মক জখম করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় মিলনকে একমাত্র আসামি করা করা হয়েছে।

আরও পড়ুন

×