মতলবে জমি নিয়ে বিরোধের জেরে শিশু হত্যা, আটক ২
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯ | ১০:১২
মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাওহিদুল ইসলাম নামে দুই বছরের এক শিশুকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার সন্ধ্যায় পুলিশ শিশুটির সৎদাদি জাহেদা বেগম (৪০) ও সৎফুফু লাকি আক্তারকে (২৫) আটক করেছে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে পারিবারিক কাজে শিশুটির মা সাহেদা জামান বাড়ির বাইরে গেলে ফিরে এসে তার ছোট ছেলে তাওহিদকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। তার চিৎকারে আশপাশের লোকজনও শিশুটিকে খুঁজতে শুরু করে। পরে গ্রামের লোকজন বাড়ির পাশের ডোবা থেকে শিশুটিকে মৃত অবস্থায় খুঁজে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে এবং সৎদাদি জাহেদা বেগম ও সৎফুফু লাকী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশুটির মামা কুতুব উদ্দিন নোমান বলেন, আমার ভগ্নিপতি কামরুল ইসলামের সঙ্গে তার সৎভাই নূরে আলম (২৭), জানে আলমের (২২) জমি-সংক্রান্ত বিরোধ রয়েছে। চার দিন আগে (রোববার রাত ৮টায়) এর জেরে আমার ভগ্নিপতি ও ভাগ্নেদের ওপর তারা হামলা চালায়। এ ঘটনায় আমার ভগ্নিপতি কামরুল ইসলাম, ভাগ্নে সিদরাতুল ইসলাম (১৪) ও আমার বোন সাহেদা জামান (৩০) আহত হয়। বর্তমানে আমার ভগ্নিপতি ও ভাগ্নে গুরুতর জখম হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই সময় নূরে আলম ও জানে আলম আমার বোনের পরিবারকে হত্যার হুমকি দেয়। তারাই শিশুটিকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।
ওসি স্বপন কুমার আইচ বলেন, ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির ফুফু ও দাদিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- মতলব
- শিশু হত্যা
