শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিক্ষকের মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো নাজমুল হক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৪
পঞ্চগড়ে তীব্র শীতের হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদ্বগ্ধ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নাজমুল হক (৭০) মারা গেছেন।
শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
এর আগে গত ২০ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হন।
স্থানীয়রা জানায়, শীতের কারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় আকস্মিকভাবে তার পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে শরীরের কোমর থেকে নিচের অংশ পুড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে ঢাকায় নেওয়া হয়। অগ্নিদগ্ধ হওয়ার ৭ দিনের মাথায় শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের মালিপাড়া এলাকায়। তিনি পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লা বলেন, শীতের কারণে আগুন পোহাতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
- বিষয় :
- পঞ্চগড়
- অগ্নিদগ্ধ
- আগুন পোহাতে গিয়ে মৃত্যু
