ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

শতবর্ষী ১৩ কলেজকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ব: শিক্ষামন্ত্রী

শতবর্ষী ১৩ কলেজকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ব: শিক্ষামন্ত্রী
×

পুনর্মিলনীর অনুষ্টানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৭

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো রাজশাহী কলেজে অনুষ্ঠিত হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই পুনর্মিলনী। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু'দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করছি। আমরা চাই দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে।

শিক্ষামন্ত্রী বলেন, মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য আমরা প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত কাজ করব। সেইসঙ্গে আমরা অবকাঠামোগত উন্নয়নও করব। শিক্ষকদের গবেষণার ওপর আরও জোর দিতে হবে।দেশসেরা রাজশাহী কলেজের প্রশংসা করে ডা. দীপু মনি বলেন, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি এই কলেজে এসে মুগ্ধ হবেন না। ভাষার জন্য প্রথম আন্দোলন এখানে, প্রথম শহীদ মিনার এই কলেজেই। বাঙালির সব আন্দোলন-সংগ্রামে এই কলেজের অবদান অনস্বীকার্য। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া, ইতিহাসবিদ যদুনাথ সরকার, কবি রজনীকান্ত সেন, চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, ভারতীয় রাজনীতির অন্যতম নেতা জ্যোতি বসু, বিচারপতি হাবিবুর রহমানের কলেজ এটি। সংসদে এই কলেজ থেকে পাস করা একজন মন্ত্রী আছেন, একজন হুইপ আছেন, আটজন সংসদ সদস্য আছেন। নির্বাচন কমিশনার এই কলেজের ছাত্র। ১৪৭ বছরের ইতিহাসে রাজশাহী কলেজ অসংখ্য গুণিজন তৈরি করেছে। দেশ-বিদেশে তারা নেতৃত্ব দিচ্ছেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অ্যালামনাই পুনর্মিলনীর উদ্বোধন করেন

শিক্ষামন্ত্রী আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে পর পর তিনবার দেশসেরা হওয়া এই কলেজের যেসব সমস্যা আছে সেগুলো দূর করা হবে। অচিরেই এখানে দশতলা বিশিষ্ট ছাত্রীনিবাস হবে। প্রশাসন ভবনও করে দেওয়া হবে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুস, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা এবং সিনিয়র অ্যালামনাস ডা. এসএএ বারী।


এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অ্যালামনাই পুনর্মিলনীর উদ্বোধন করেন। এদিন সকালে কলেজ চত্বর থেকে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে আমন্ত্রিত অতিথি, কলেজের শিক্ষক এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দেশে রাজশাহী কলেজেই প্রথমবারের মতো এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। আজ কমিটি গঠনের মধ্য দিয়ে কলেজটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটবে। দু'দিনের এই অনুষ্ঠান শেষ হবে শনিবার। অংশ নিয়েছেন এইচএসসি ব্যাচের সাবেক ৯ হাজার শিক্ষার্থী। থাকছেন এক হাজার অতিথি। সাবেক শিক্ষার্থীরা বহুদিন পর প্রিয় ক্যাম্পাসে এসে খুঁজে পেয়েছেন পুরোনো বন্ধুদের। গল্প-আড্ডায় মেতে উঠেছেন সবাই।

অ্যালামনাই পুনর্মিলনী উপলক্ষে কলেজের সাজসজ্জাও চোখে পড়ার মতো। ক্যাম্পাসের সবখানেই উৎসবের ছোঁয়া। প্রাক্তন শিক্ষার্থী কবি রজনীকান্ত সেনের নামে কলেজের মাঠে প্রশাসন ভবনের আদলে তৈরি করা হয়েছে বিশালাকায় 'রজনীকান্ত মঞ্চ'। এখানে থাকছে আলোচনা, স্মৃতিচারণ, ছাত্রাবাসের স্মৃতিচারণ, সাংস্কৃতিক সন্ধ্যা, আতশবাজিসহ নানা আয়োজন। শুক্রবার রাতে এই মঞ্চ মাতান ব্যান্ড তারকা জেমস।

আরও পড়ুন

×