ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচন

আ'লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিএনপির

আ'লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ বিএনপির
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯ | ১০:২৮

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সুফিয়ান মাঠে প্রচার চালানোর সময় শুক্রবার অভিযোগ করেছেন, প্রতিদ্বন্দ্বি প্র্রার্থী আওয়ামী লীগের মোছলেম উদ্দিন আহমদ ও তার দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার আচরণবিধি ভঙ্গ করছেন। 

শুক্রবার বিকেলে বিএনপি প্রার্থীকে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে নগরীর বহদ্দারহাট থেকে শুরু করে সিএন্ডবি, বাহির সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা, কামালবাজার ও মৌলভী বাজার এলাকায় পথসভা ও গণসংযোগ করা হয়। বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের নেতৃত্বে এই প্রচারণা কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হয়।

বিভিন্ন এলাকায় পথসভায় বিএনপি নেতা শামীম বলেন, চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষে জোয়ার সৃষ্টি হয়েছে। ১৩ জানুয়ারী সুষ্ঠু ভোট হলে আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবেন। এবার ভোট কেন্দ্রে শক্তভাবে পাহারা বসাতে হবে, যাতে লুটেরেরা ভোট ডাকাতি করতে না পারে।

এ সময় আবু সুফিয়ান অভিযোগ করেন, 'চট্টগ্রাম সিটি মেয়র ও সরকার দলীয় সাংসদরা এরই মধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন। তারা আওয়ামী লীগ প্রার্থীর সভা সমাবেশে উপস্থিত হয়ে নৌকার পক্ষে পেশী শক্তির মাধ্যমে কেন্দ্র দখলের ষড়যন্ত্র করছেন। যা সুষ্ঠু নির্বাচনের জন্য অশনি সংকেত। গণমাধ্যমে প্রকাশিত সাংসদ নদভীর কেন্দ্র দখল ও ভোট ডাকাতীর নির্দেশনার পর আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না আমরা সন্দিহান। সাংসদের কেন্দ্র নিয়ন্ত্রণের নীল নকশা সহকর্মীদের অবহিত করার ঘটনা নির্বাচনী আচরণ বিধিমালাকে বৃদ্দাঙ্গুলী প্রদর্শনের শামিল।'

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মাহবুবুল আলম, উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মনজুর উদ্দিন চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, নগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।

আরও পড়ুন

×