ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পেট্রোল পাম্পের টাকা লুট, নিয়ে গেল সিসি ক্যামেরার ফুটেজও

পেট্রোল পাম্পের টাকা লুট, নিয়ে গেল সিসি ক্যামেরার ফুটেজও
×

ফাইল ছবি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩২

টাঙ্গাইলের মধুপুরে এক রাতে দুই ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা পেট্রোল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজসহ নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।

শনিবার রাতে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের রূপালী ফিলিং স্টেশন ও টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুরের চাড়ালজানী এলাকায় খান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

রূপালী ফিলিং স্টেশনের মালিক অ্যাডভোকেট সালাউদ্দিন সেলিম জানান, রাতে ১০ থেকে ১২ জনের একটি দল ফিলিং স্টেশনের কর্মীদের বেঁধে ক্যাশ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

খান ফিলিং স্টেশনের মালিক মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবুর মেয়ের জামাই নুরুল আলম খান রাসেল জানান, শেষ রাতের দিকে ১২ থেকে ১৪ জনের একটি দল মুখে মুখোশ বেঁধে পাম্পে হানা দেয়। কাটার মেশিন দিয়ে তালা কেটে তারা ভিতরে ঢুকে ক্যাশিয়ারসহ অন্যদের বেঁধে ক্যাশ থেকে ২ লাখ টাকা নিয়ে যায়।

তিনি আরও জানান, যাওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজও খুলে নিয়ে যায়।

মধুপুর থানার ওসি তারিক কামাল ডাকাতির ঘটনা সত্যতা স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে বলা যাবে মূল ঘটনা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×