৪৮ ঘণ্টায় কুমিল্লায় কাভার্ডভ্যান চালক হত্যার রহস্য উম্মোচন
পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত রাশেদ- সমকাল
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:৩০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকায় কাভার্ডভ্যান চালক আলাউদ্দিন (২৯) হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টার মধ্যেই রহস্য উম্মোচন করল পুলিশ।
এ ঘটনায় শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলা থেকে ঘাতক রাশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ ডিসেম্বর বুধবার বিকেলে ঢাকার মাওনা এলাকায় অবস্থিত এক্স সিরামিক কারখানা থেকে টাইলস্ নিয়ে একটি কাভার্ডভ্যান চাঁদপুরের হাজিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় সড়কের পার্শ্বে দাঁড়ানো কাভার্ডভ্যান থেকে পথচারীরা চালকের আসনের পিছনে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় চালক আলাউদ্দিনের মৃতদেহ দেখতে পায়। বাজারের ব্যবসায়ীরা দেবপুর পুলিশ ফাঁড়িতে ও বুড়িচং থানায় বিষয়টি অবহিত করেন। এ সময় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্তে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে শরিয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দশমনতারা গ্রাম থেকে আলাউদ্দিন হত্যায় জড়িত রাশেদুল ইসলাম ওরফে রাশেদকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
রোববার বিকেলে কুমিল্লা সদর সার্কেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি তানভীর সালেহ ইমন কাভার্ডভ্যানের চালক হত্যার আসামি আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘাতককে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হবে।
- বিষয় :
- কুমিল্লা
- চালক হত্যা
- রহস্য উম্মোচন
