মাদক ব্যবসায়ীর সঙ্গে নাচ
আড়াইহাজারের সেই ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
বা থেকে এএসআই অজিত চন্দ্র বিশ্বাস ও এসআই সজীব সরকার- ভিডিও থেকে নেওয়া
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর সঙ্গে একটি বাড়িতে 'গানের আসর' বসিয়ে রাতভর নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠা পুলিশের দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার গভীর রাতে আড়াইহাজার থানা থেকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। প্রত্যাহারের কথা নিশ্চিত করেছেন থানার ওসি নজরুল ইসলাম। দুই পুলিশ কর্মকর্তা হলেন- এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে বিশনন্দী এলাকায় একটি বাড়িতে দাওয়াতে যান এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। সেখানে গানের আসরের আয়োজন করা হয়। আসরে রাতভর নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন পুলিশের এ দুই কর্মকর্তা। তাদের পাশে ছিলেন আড়াইহাজার থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন। আর নাচ-গানের পুরো অনুষ্ঠানটি ফেসবুক আইডি থেকে লাইভ করেন এসআই সজীব নিজেই।
শনিবার এ নিয়ে দৈনিক সমকালে 'মাদক ব্যবসায়ীর সঙ্গে ২ পুলিশ কর্মকর্তার নাচ' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হয়। পরে শনিবার রাতে নারায়ণগঞ্জের সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে পুলিশের ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
