পরিচ্ছন্নতা কর্মী, বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী দিয়ে নেওয়া হলো পরীক্ষা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:২০
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কোর্স ইন্সট্রাক্টরকে বাদ দিয়ে পরিচ্ছন্ন কর্মী, বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী দিয়ে নেওয়া হয়েছে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সের পরীক্ষা। রোববার এ লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
সূত্র জানায়, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্সের এ পরীক্ষায় ১৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় মূল ট্রেডের শিক্ষকদের বাদ দিয়ে অন্য শিক্ষক এবং পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি ও নিরাপত্তা প্রহরী দিয়ে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে কর্তৃপক্ষ। আর যে কোর্সের পরীক্ষা ছিল সেই কোর্সের শিক্ষকদের বাদ দিয়ে অন্য কোর্সের শিক্ষকদের দিয়ে নেওয়া হয় মৌখিক পরীক্ষা।
বিভিন্ন ট্রেডের শিক্ষকদের সঙ্গে সকালে পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করেন- বাবুর্চি আবদুল্লাহ আল মামুন, কারখানা সহকারী জিল্লুর রহমান, ইলেকট্রিশিয়ান এসএম রফিকুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী মো. আসলাম। পরীক্ষার দায়িত্বে থাকা ইন্সট্রাক্টর সাখাওয়াত হোসেন বলেন, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স বিভাগের ইন্সট্রাক্টর রাজশাহীতে তিন মাসের প্রশিক্ষণে আছেন। তাই আমরা পরীক্ষা নিচ্ছি।
মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স ইন্সট্রাক্টর মনিরুজ্জামান বলেন, আমি কোথাও প্রশিক্ষণে যায়নি। চুয়াডাঙ্গায় আছি। আজ সকালে অফিস থেকে বেতনের চেক নিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাকে বাদ দিয়ে এ পরীক্ষা নিয়েছেন, যা নিয়ম বহির্ভুত। তিনি নিজের পছন্দের লোকজন দিয়ে পরীক্ষা কার্যক্রম শেষ করেছেন, যার ফলে যোগ্যদের বাদ পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে চাননি।
