ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

ফেনীতে জনশক্তি অফিসে হামলায় গ্রেপ্তার ৩ আ.লীগ নেতা

ফেনীতে জনশক্তি অফিসে হামলায় গ্রেপ্তার ৩ আ.লীগ নেতা
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, ফেনী

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৯

ফেনী কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আওয়ামী লীগের একদল নেতা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির উপ-দপ্তর সম্পাদক ও জেলা কাজী সমিতির সভাপতি মহিউদ্দিন দিদার (৪৯), আনোয়ার হোসেন (৪৮), জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আশরাফ উল্লাহ রাসেল (৪৭), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন (৪৯) ও নুরুল আমিন (৪৫) দুপুরে কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ভিয়েতনামের ভ্রমণ ভিসায় ফিঙ্গারপ্রিন্ট দিতে আসেন। ভ্রমণ ভিসায় কোন প্রকার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় না, তাদের জানালে আনোয়ার হোসেন এ সময় হুমকি প্রদান করে চলে যায়। এর কিছুক্ষণ পর দলবদ্ধ হয়ে পুনরায় এসে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করতে বলেন আনোয়ার। এ সময় ফিঙ্গারপ্রিন্ট না নিলে মহিউদ্দিন দিদারের নেতৃত্বে বাকিরা এলোপাতাড়ি মারধর শুরু করে। দিদার ল্যান্ডফোন সেটের লাইন ছিঁড়ে ফেলে। এরপর মহিউদ্দিন দিদার ও আনোয়ার হোসেন চেয়ার-টেবিল ভাংচুর করে। এ সময় স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে দিদারসহ ৪ জনকে আটক করে পুলিশে খবর দেয়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজিদুল পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। এ ঘটনায় আ.লীগ নেতা মহিউদ্দিন দিদার, আনোয়ার হোসেন, আশরাফ উল্লাহ ও জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন ফেনী মডেল থানায় মহিউদ্দিন দিদারসহ ৫ জনকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন

×