সম্প্র্রীতি রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে হবে: শিরীন আখতার
জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে নেতৃত্ব দেন শিরীন আখতার। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ০৯:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ০৯:৪৭
সাম্প্রদায়িক অপশক্তির মুখোশ উন্মোচন করে তাদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
শিরীন আখতার বলেন, হিন্দু-মুসলিমসহ সব ধর্ম-বর্ণ নির্বিশেষ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশে উগ্র সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। ৭২-এর সংবিধান ফিরিয়ে এনে ধর্মনিরেপক্ষ রাষ্ট্র গঠন করতে হবে।
তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনায় কেবল ইকবালে থেমে থাকলে চলবে না। এ ঘটনার নেপথ্যে যারা, তাদেরও খুঁজে বের করতে হবে।
চট্টগ্রাম মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুল আহসান জুয়েল ও প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল।
এতে বক্তব্য দেন জাসদ জেলা সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেন, দক্ষিণ জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. হোসেন, জাসদ উপদেষ্টা পরিষদের সদস্য আহমদ শরীফ, জাসদ উপদেষ্টা পরিষদের প্রাক্তন সদস্য নুরুল আবছার, মহানগর জাসদ নেতা মফিজুর রহমান প্রমুখ। সভার আগে শিরীন আখতারের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়।
- বিষয় :
- শিরীন আখতার
- সাধারণ সম্পাদক
- জাসদ
- চট্টগ্রাম