পা দিয়ে লিখে জেডিসি পাস
রাসেল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ২৩:১৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ | ২৩:৩৪
দুই হাত ও ডান পা নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক ছোট। সেই ছোট্ট পা দিয়ে লিখে জেডিসি পাস করেছে নাটোরের সিংড়ার রাসেল।
রাসেল এবারের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় জিপিএ ৩ দশমিক ৩৯ পেয়ে পাস করেছে।
সিংড়া শহরের শোলাকুড়া মহল্লার দিন মজুর কৃষক আব্দুর রহিম মৃধার ছেলে সে।
রাসেলের বাবা আব্দুর রহিম মৃধা বলেন, তার প্রতিবন্ধী ছেলে রাসেল শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করে। লেখাপড়ায় তার খুব আগ্রহ। কিন্তু দিনমজুরি করে যা আয় হয় তা দিয়ে সংসার চালাতেই শেষ হয়। এরপর রয়েছে রাসেলের আবদারসহ চিকিৎসা খরচ। সে পড়তে পারলেও যে লিখতে পারবে তা কখনও ভাবতে পারেননি।
তিনি জানান, রাসেলের শারিরীক প্রতিবন্ধিকতা তাকে দমাতে পারেনি। তার লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ও মনোবল দেখে ছেলে রাসেলের লেখাপড়ায় বাধা দেননি।
রাসেলের মা লাভলী বেগম জানান, দুটি সন্তান নিয়ে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী এই ছেলের বেঁচে থাকার জন্য একটি কর্মই তাদের আশা। সরকারি সহায়তা পেলে রাসেলকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, ছেলেটির হাত ও পা না থাকা সত্বেও ছোট্ট একটি পা দিয়ে লিখে পরীক্ষায় পাস করা তার অদম্য স্পৃহা সবাইকে মুগ্ধ করেছে। তার অদম্য ইচ্ছা ও আগ্রহ দেখে তাকে একটি হুইল চেয়ার এবং জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তার লেখাপড়ার জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ করেছেন। লেখাপড়া চালিয়ে যেতে তাকে সব ধরনের সহায়তা করা হবে।
