ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

নতুন বই আনা হলো না রেশমার

নতুন বই আনা হলো না রেশমার
×

রেশমার বাবা (মাঝে) আহাজারি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৮:১৮ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৮:২৩

চট্টগ্রাম নগরীতে নতুন বই আনতে স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় রেশমা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পতেঙ্গা থানার কাটগড় মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।

রেশমা পতেঙ্গা থানার কাটগড় ধুমপাড়া এলাকার মো. শাহনূরের মেয়ে। সে মীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক সমকালকে বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়ে নতুন বই আনতে স্কুলে যাচ্ছিল রেশমা। এই সময় স্কুলের পশ্চিম পাশে সি-বিচ রোডে একটি ট্রাক স্টার্ট করার পরপরই পেছন দিকে সরে আসে এবং রেশমাকে ধাক্কা মারে। এতে মাটিতে লুঠিয়ে পড়ে রেশমা। পরে ট্রাকের চালকসহ কয়েকজন উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা রেশমাকে মৃত ঘোষণা করেন।’

রেশমা আক্তার 

রেশমার চাচা সাইফুল ইসলাম জানান, নতুন বই আনতে গিয়ে না ফেরার দেশে চলে যেত হলো তাকে। রেশমার বাবা শাহনূর পেশায় দিনমজুর। তার এক মেয়ে ও এক ছেলে। রেশমা ছিল বড়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া বলেন, ‘এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত রেশমা আক্তারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×