চট্টগ্রাম-৮ উপনির্বাচন
দলের সবার সহযোগিতা চাইলেন আ'লীগ প্রার্থী মোছলেম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ১০:১৩
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন।
নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত হলে দল ও সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি আগেও বহুবার বলেছি এই উপনির্বাচনে জয়-পরাজয়ে সরকার পরিবর্তন হবে না। তবে সরকার ও দলের ভাবমূর্তি যাতে প্রশ্নের মুখোমুখি না হয় সে জন্য আমি নৌকার পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চাই।
বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। মোছলেম উদ্দিন আহমদ আরও বলেন, এর আগে বাদল ভাই এ আসন থেকে দু'বার নির্বাচিত হয়েছিলেন। তার স্বপ্ন ছিল নতুন করে কালুরঘাট সেতু নির্মাণ। তার এই স্বপ্ন পূরণ করাই আমার প্রধান নির্বাচনী অঙ্গীকার।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা হয়। সভা থেকে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন কাউন্সিলর কফিল উদ্দিন খান, মোবারক আলী ও নারী কাউন্সিলর জেসমিন আক্তার জেসি। এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, ডা. আফছারুল আমীন এমপি, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উপদেষ্টা শফর আলী, শেখ মাহমুদ ইছহাক প্রমুখ।
- বিষয় :
- উপনির্বাচন
- চট্টগ্রাম-৮
