ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

মিরসরাইয়ে বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ
×

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ১০:২৪

চট্টগ্রামের মিরসরাইয়ে অতিরিক্ত বালুবোঝাই ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার করেরহাট ইউনিয়নের বারইয়ারহাট-রামগড়-খাগড়াছড়ি সড়কের লক্ষ্মীছড়া এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিজটি ভেঙে পড়ায় বারইয়ারহাট-করেরহাট, বারইয়ারহাট-ছাগলনাইয়া ও বারইয়ারহাট-রামগড়-খাগড়াছড়ি সড়কের যানবাহন চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

জানা গেছে, বারইয়ারহাট-রামগড়-খাগড়াছড়ি সড়কের উন্নয়নের কাজের জন্য লক্ষ্মীছড়া এলাকায় বেইলি ব্রিজ নির্মাণ করে সিপিসিএল কন্সট্রাকশন কোম্পানি। ওই বেইলি ব্রিজের পাশে লক্ষ্মীছড়ার ওপর নির্মাণ করা হচ্ছে সড়কের মূল সেতু। বুধবার ভোরে হোসেন কন্সট্রাকশন্সের প্রায় ৪০ টন ওজনের একটি বালুবোঝাই ড্রাম ট্রাক ব্রিজটির ওপর দিয়ে যাওয়া সময় বিকল্প বেইলি ব্রিজটি ভেঙে যায়। এরপর থেকে ওই সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

করেরহাট এলাকার বাসিন্দা রিপন দাশ জানান, সড়ক উন্নয়ন কাজ চলার কারণে বারইয়ারহাট-করেরহাট সড়ক অংশে ছড়ার ওপর দুটি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। তাই বিকল্প হিসেবে দুটি বেইলি ব্রিজ তৈরি করা হয়। তবে ওই ব্রিজ দুটির ওপর দিয়ে প্রতিদিন ৩০-৪০ টন বালু নিয়ে অর্ধশতাধিক ড্রাম ট্রাক চলাচল করে। সিপিসিএলের সিগন্যালম্যানের বাধা অমান্য করে চালকরা চলে যায়। মাত্রাতিরিক্ত ওজন নিয়ে বালুর ট্রাক চলাচল করার কারণে ব্রিজটি নড়বড়ে হয়ে পড়ে। ফলে বুধবার ভোরে বালুবোঝাই ট্রাকের ভারে ব্রিজটি ভেঙে যায়। বারইয়ারহাট রামগড় সড়কে সিএনজি অটোরিকশা চালক জসিম উদ্দিন জানান, বেইলি ব্রিজটির ওপর দিয়ে ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও ভারী যানবাহন চালকরা তা মানছে না।

সিপিসিএলের প্রকৌশলী নরেন মজুমদার বলেন, লক্ষ্মীছড়া বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ৫ টন। কিন্তু বেইলি ব্রিজটির ওপর দিয়ে ৩০-৪০ টন ওজনের যানবাহন চলাচল করছে। তাই দুর্ঘটনা ঘটেছে। তবে পাশে বিকল্প সড়ক নির্মাণ করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×