ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে গৃহহীনকে ঘর করে দিলেন যুবলীগ নেতা দেবু

চট্টগ্রামে গৃহহীনকে ঘর করে দিলেন যুবলীগ নেতা দেবু
×

চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা এলাকার গৃহহীন আবদুল হালিমকে এই ঘরটি নির্মাণ করে দিয়েছেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২১ | ০৬:৫১ | আপডেট: ১২ নভেম্বর ২০২১ | ০৬:৫১

চট্টগ্রামে অসহায় এক গৃহহীনকে ঘর নির্মাণ করে দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক বিবেচনায় ঘরটি নির্মাণ করে দেন তিনি।

বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে নগরীর উত্তর পতেঙ্গা এলাকার গৃহহীন আবদুল হালিমের কাছে ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। এ সময় চট্টগ্রামের শিল্পকলা একাডেমি থেকে যুক্ত হন দেবাশীষ পালসহ নগর যুবলীগ নেতারা। অনুষ্ঠানে হালিমের হাতে ঘরের চাবি তুলে দেন দেবাশীষ পাল। ঘরটি পেয়ে দারুণ খুশি আবদুল হালিম। দলীয় কার্যক্রমের বাইরেও করোনাকালে এবং বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে সুনাম অর্জন করেছেন যুবলীগ নেতা দেবাশীষ।

ঘর পেয়ে আবদুল হালিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'ঘর করার মতো আমার কোনো আর্থিক সঙ্গতি ছিল না। দানশীল মানুষ দেবাশীষ পাল দেবু আমাকে একটি সুন্দর ঘর করে দিয়ে মাথা গোঁজা ঠাঁই করে দিয়েছেন। এজন্য আমি তার মঙ্গল কামনা করছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।'

যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু জানিয়েছেন, ঢাকায় দলের কেন্দ্রীয় কর্মসূচি থেকে ভার্চুয়ালি ঘরটি উদ্বোধন করার পর আমি আবদুল হালিমের হাতে ঘরের চাবি তুলে দিই। মানুষের পাশে থাকার আনন্দ মুখের ভাষায় প্রকাশ করা যাবে না।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু যখন ঘরটি উদ্বোধন করেন তখন দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল কমির সেলিমসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

×