যুবলীগ নেতা ইসমাইল হত্যায় ৫ জনের যাবজ্জীবন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১ | ০০:২৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ | ০০:২৭
রাজশাহীর গোদাগাড়ীর দেউপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ইসমাইল হোসেনকে (৫০) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবনসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
রোববার বেলা সাড়ে ১১টায় এ রায় ঘোষণা করেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার।
মামলা সূত্র জানা যায়, সংসদ নির্বাচনের দিন ২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিএনপি-জামায়াত কর্মীরা দেউপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতা চালায়। তাদের হামলায় দেউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন নিহত হন।
এ ঘটনায় ২ জানুয়ারি নিহতের স্ত্রী বিজলা বেওয়া বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, স্বাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বিচারক এ রায় দেন। অভিযোগের ধরন বিবেচনায় পাঁচজনকে যাবজ্জীবন, একজনকে ১০ বছর, চারজনকে ৬ মাস এবং ১৫ জনকে একমাস করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় দুইজন বাদে ৩৩ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
- বিষয় :
- রাজশাহী
- যুবলীগ নেতা খুন
- যাবজ্জীবন
