অসামাজিক কার্যকলাপ
চট্টগ্রামে আবাসিক হোটেলের দুই ম্যানেজার গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২০ | ০৮:০৮
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার আবাসিক হোটেল রিগ্যাল প্যালেসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত বুধবার রাতে নগর পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় হোটেলটি থেকে কয়েকজন যৌনকর্মীকেও আটক করা হয়।
শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- বিকাশ দাশ (৩২) ও মো. ফোরকান (৩৭)। অভিযানে নেতৃত্ব দেওয়া সিএমপির সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) পীযূষ চন্দ্র দাস বলেন, আবাসিক হোটেল ব্যবসার আড়ালে রিগ্যাল প্যালেসে দীর্ঘদিন ধরে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলছিল। বিষয়টি জানার পর হোটেলটিতে অভিযান চালিয়ে দুই ম্যানেজারকে গ্রেপ্তার এবং কয়েকজন যৌনকর্মীকে আটক করা হয়।
হোটেলের দুই ম্যানেজার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, হোটেল মালিক সাইফুল ইসলাম হিরুর নির্দেশে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা। একই মালিকের চান্দগাঁও থানা মোড়ের সাতকানিয়া গেস্টহাউস নামে আরেকটি আবাসিক হোটেলেও এ ধরণের কার্যকলাপ চলে আসছে। এ ব্যাপারে অভিযুক্ত হোটেল মালিকসহ ওই দুই ম্যানেজারের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা হয়েছে।
- বিষয় :
- হোটেলের ম্যানেজার গ্রেপ্তার
- চট্টগ্রাম
