ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
×

কক্সবাজার অফিস ও টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৫:৩৪ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৬:৪৯

কক্সবাজারের উখিয়ার ফাঁড়িরবিল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, তারা মাদক কারবারি ছিলেন।

সোমবার ভোরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- টেকনাফের উনচিংপ্রাং সি/৫ ব্লক রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২৮) এবং মো. আবু সৈয়দের ছেলে মো. হেলাল উদ্দিন (২০)। 

কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে উখিয়ার পালংখালীর পূর্ব ফাঁড়িরবিল এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৩টার দিকে বিজিবির একটি দল বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে তাদের চ্যালেঞ্জ করলে তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে বিজিবির দলকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

তিনি জানান, বিজিবি ঘটনাস্থলে ওই দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় এবং তাদের পাশে ইয়াবা ও বন্দুক পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, নিহত দুই রোহিঙ্গার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ এবং ইউএনএইচসিআর একটি আইডি কার্ড উদ্ধার করা হয়। এ বিষয়ে বিজিবির পক্ষে থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

×