পটুয়াখালীতে প্রতিদিন ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৫:৪০
পটুয়াখালীতে ৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২৫ দিন প্রতিদিন ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, পিজিসিবি বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের কন্ডাক্টর পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির জন্য পটুয়াখালী জেলার অধিকাংশ এবং বরগুনা জেলার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় ২৫ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আক্তারউজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ জানুয়ারি থেকে ৩১ জানয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পটুয়াখালী জেলার অধিকাংশ এলাকায় এবং বরগুনা জেলার আমতলী, তালতলী ও বেতাগী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধ থাকার কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।
