ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

ফরিদপুরে ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফরিদপুরে ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
×

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৬:০৬ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ | ০৬:৪৩

ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক অতুল সরকার জানান, সোমবার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায়কে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির অন্য সদস্যরা হলেন-জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন-ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ওলামা দলের সভাপতি ডা. শরীফুল ইসলাম (৪০), তার মেয়ে তাবাচ্ছুম (৮), ভাগ্নি তানজিলা (১৮), শ্যালিকা তাকিয়া আক্তার (১৩), ডা. শরিফুলের বন্ধু ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর মো. ফারুক (৩৫) ও মাইক্রোবাসের ড্রাইভার নাহিদ (২৬)। 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডা. শরীফুল ইসলামের স্ত্রী রিমি আক্তার। গুরুতর আহত রিমি আক্তারকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার সকালে কক্সবাজারে বেড়াতে যাবার উদ্দেশে তারা মাইক্রোবাসযোগে বোয়ালমারী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। সিলেটের সুনামগঞ্জ থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে বোয়ালমারী থেকে ঢাকাগামী ওই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ ছয়জন মারা যান। 

কানাইপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই সাফুর আহমেদ জানান, অতিরিক্ত কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×