অপহরণকারী চক্রের ৭ সদস্য আটক, অপহৃত উদ্ধার
আটকরা -সমকাল
যশোর অফিস
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০ | ০৭:০৫
যশোরে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে শহরের মাইকপট্টি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কহিদুল ইসলামকে উদ্ধার এবং হাতেনাতে দুই অপহরণকারীকে আটকও করা হয়। পরে ওই দুজনের স্বীকারোক্তি অনুযায়ী আরও ৫ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে মুক্তিপণের নগদ সাড়ে ১৮ হাজার টাকা, স্ট্যাম্প, চেক ও বিভিন্ন ব্রান্ডের মোবাইলের মাদারবোর্ড উদ্ধার করা হয়েছে।
অপহৃত কহিদুল ইসলাম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের মোবাইল ব্যবসায়ী। আটকদের বাড়ি যশোর ও পাবনা জেলায়।
যশোর ডিবি পুলিশের ডিবির ওসি মারুফ আহমেদ জানান, মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট বিক্রির কথা বলে ঝিনাইদহের কোটচাঁদপুরের ব্যবসায়ী কহিদুল ইসলামকে রোববার যশোরে ডেকে আনে অপহরণকারি চক্রের সদস্যরা। পরে তাকে শহরের মাইকপট্টি এলাকার একটি বাড়িতে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দুই দফায় তার কাছ থেকে ৯৯ হাজার ৬শ’ টাকাও হাতিয়ে নেয় চক্রটি। বিষয়টি কহিদুল ইসলামের ভাই যশোর পুলিশকে মৌখিকভাবে জানালে ডিবি পুলিশের একটি দল রোববার রাতে অভিযান চালিয়ে কহিদুল ইসলামকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে দুইজন এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে আরও ৫ অপহরণকারীকে আটক করা হয়।
আটকরা হলেন- শহরের জেলরোডের জাহিদুল ইসলাম, ফতেপুরের নয়ন, শেখহাটি বাবলাতলার রাব্বি হোসেন, সার্কিট হাউস পাড়ার গোলাম রসুল, মুড়ালীর শওকত হোসেন, ষষ্ঠীতলার মানিক মণ্ডল ও পাবনার ঈশ্বরদীর নূর ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, অভিযানকালে অপহরণকারীদের কাছ থেকে সাড়ে ১৮ হাজার টাকা, ৩টি ননজুডিশিয়াল স্ট্যাম্প, একটি ব্যাংকের চেক, ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন ব্রান্ডের পুরাতন ও নষ্ট মোবাইল ফোনের মাদারবোর্ড এবং সার্কিট উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার বিকালে কোতয়ালী থানায় মামলা হয়েছে।
