ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সুনামগঞ্জ শহরে বাদশার আগমন

সুনামগঞ্জ শহরে বাদশার আগমন
×

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২ | ১০:৪৩ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ | ১০:৪৩

সুনামগঞ্জ পৌর শহরে একটি বানরের আগমন ঘটেছে। পুরো শহর দাপিয়ে বেড়াচ্ছে সে। এলাকার বাসিন্দারাও তাকে আদর করে খাবার দিচ্ছেন। নাম রেখেছেন ‘বাদশা’। একেক দিন একেক পয়েন্টে অবস্থান করে বানরটি। খাবার পেয়ে নিরুপদ্রব শহুরে জীবন উপভোগ করছে এখন সে। গত শনিবার সুনামগঞ্জ পৌর শহরের উত্তর আরপিননগর পয়েন্টে দেখা যায় বানরটিকে।

সুনামগঞ্জ পৌর শহরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, পৌর শহরের উত্তর আরপিননগর পয়েন্ট, জেল রোড পয়েন্ট, উকিলপাড়া পয়েন্ট, কালীবাড়ি পয়েন্ট এবং হোসেন বখত চত্বর পয়েন্টে বানরটিকে দেখা যায়। একেকদিন বানরটি একেক পয়েন্টে অবস্থান করে। প্রথম দিকে বানরটি কারও হাতে কোনো খাবার দেখলে তা জোর করে কেড়ে নিত। এখন মানুষের সঙ্গে তার সখ্য জমে উঠেছে।

শহরের উত্তর আরপিননগর এলাকার বাসিন্দা মেহের আহমদ বলেন, বানরটি প্রথম যখন আমাদের এলাকায় আসে আমি তখন পাউরুটি খাচ্ছিলাম, বাদশা আমার হাত থেকে পাউরুটি কেড়ে নিয়ে খেয়ে ফেলে। এখন সে এলে আমরা বন্ধুরা মিলে তাকে পাউরুটি খাওয়াই।

পৌর শহরের হোসেন বখত চত্বর এলাকার বাসিন্দা তন্ময় মিয়া বলেন, আসলে একটি বানর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে- এটা সত্যি খুব চিন্তার বিষয়। যদি বানরটি কোনো শিশুকে কামড়ে দেয় তবে বিপদ ঘটতে পারে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সচেতন হওয়া উচিত।

সুনামগঞ্জ বন বিভাগের কর্মকর্তা অরুণ বরুণ চৌধুরী বলেন, ‘একটি বানর শহরে ঘোরাঘুরি করছে- এমন খবর পেয়ে আমরা সভা করেছি। মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলেছে, এ বিষয়ে তাদের কিছু করার নেই। তবে সুনামগঞ্জের সব মানুষের প্রতি আমার অনুরোধ, কেউ যাতে বানরটিকে বিরক্ত না করে।’

আরও পড়ুন

×