কুমিল্লায় ইউপি নির্বাচন: ইভিএম নিয়ে বিড়ম্বনায় ভোটাররা
ছবি: সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২ | ০২:৫৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ | ০২:৫৬
কুমিল্লার মুরাদনগরের ২১ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে সোমবার ভোট গ্রহণ চলছে। তবে অনেক কেন্দ্রে ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে বিড়ম্বনায় পড়ছেন ভোটাররা। ভোটারদের আঙুলের ছাপ না মেলায় অনেক ভোটারকে ভোট দিতে না পেরে ফিরে যেতে দেখা যাচ্ছে।
সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা আলিম মাদরাসা কেন্দ্রের ভোটার আ. রউফ,,আ. লতিফ ও রহিমা বেগম জানান, আঙুলের ছাপ না মেলায় এনআইডি থাকার পরও ভোট দিতে পারেননি তারা।
একই ইউনিয়নের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী সদস্য মরিয়ম বেগম বলেন, অনেক নারী ভোটার ভোট দিতে এসে ফিঙ্গার না মেলায় ভোট দিতে পারেননি।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বিরীন কুমার দাস বলেন, ‘যাদের ফিঙ্গার মিলছে না, তাদের একাধিকবার চেষ্টা করা হচ্ছে। এর পরও যাদের হচ্ছে না, তাদের এনআইডি নিয়ে বিকেল ৩ টায় আসতে বলা হয়েছে। কোনো নির্দেশনা পেলে হয়তো বিকল্প উপায়ে বাদ পড়াদের ভোট নেওয়া হতে পারে।’
এদিকে এ উপজেলার অন্য ভোট কেন্দ্র থেকেও ইভিএম বিড়ম্বনার খবর পাওয়া গেছে।
এ বিষয়ে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার সমকালকে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্র থেকে এসব অভিযোগ আসছে। তবে একাধিকবার চেষ্টা করলে ফিঙ্গার মিলে যাওয়ার কথা।