ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রূপগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

রূপগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ: সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
×

আবু সুফিয়ান সোহান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১০:৫৬

রূপগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তারাব পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান সোহানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবার করা মামলায় নাম উল্লেক করা চার আসামির মধ্যে আবু সুফিয়ানসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনই নারায়ণগঞ্জ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ তার মেয়ের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। বৃহস্পতিবার দুপুরে গন্ধর্বপুর স্ট্যান্ডে মেয়েটি ধারের টাকা ফেরত আনতে যায়। পরে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তৌসিফ, আফজাল, তারাব পৌর ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান সোহান, তানভীরসহ অজ্ঞাতপরিচয় দু-তিনজন তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রূপসী এলাকার একটি বাড়িতে দু'দিন আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে তারা। ধর্ষণের পর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় মেয়েটিকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা রূপগঞ্জ থানায় মামলা করেন।

এরই মধ্যে গর্ন্ধবপুর এলাকার তৌসিফ, কর্ণগোপ এলাকার আফজাল ও রূপসী প্রধান বাড়ি এলাকার আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারনামীয় আরেক আসামি রূপসী এলাকার কবিরের ছেলে তানভীরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এজাহারনামীয় আসামি বাকি একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ছাড়া তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত আরও অনেকের নাম আসতে পারে। অপরাধীদের প্রশ্রয়দাতারা যত প্রভাবশালীই হোক না কেন, ছাড় পাবে না।

আরও পড়ুন

×