সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে ২ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১১:০৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের তিন দিন পর শামীম (৭) ও মনির হোসেন (৮) নামে দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১১টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার বার্মাস্ট্যান্ড এলাকায় স্থানীয় কবরস্থানের পাশের পুকুরে লাশ ভেসে উঠলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গত শুক্রবার বাসা থেকে বেরিয়ে শিশু দুটি নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শামীম ও মনির সিদ্ধিরগঞ্জের আইলপাড়া দারুস সালাম মাদ্রাসার ছাত্র এবং এসও রোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকে তারা। উভয়ের বাবা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। হতদরিদ্র এই দুই পরিবারের সন্তান গত শুক্রবার দুপুরে খেলতে যাওয়ার কথা বলে একসঙ্গে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে শামীমের বাবা রবিউল আলম ও মনিরের বাবা জাহাঙ্গীর আলম পরদিন শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
মনিরের বাবা জাহাঙ্গীর আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচ বছর আগে মনিরের বড় একটি বোন পুকুরে ডুবে মারা যায়। এবার মনিরের মৃত্যুতে দুই সন্তান হারিয়ে তিনি নিঃসন্তান হয়ে গেছেন।
ছেলে হারানোর বেদনায় কাতর শামীমের বাবা রবিউল আলম বলেন, আমার আদরের সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। আমি আর বাঁচতে চাই না। আমি আমার সন্তানকে জীবিত ফেরত চাই।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মুত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
