চালক ঘুমে, ট্রাক পিষে মারল মেধাবী তিথিকে
স্কুলছাত্রী তিথি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১৩:০৬
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তিথির নতুন বছরের পাঠ কার্যক্রম কেবল শুরু হয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাশতা সেরে সহপাঠীর সঙ্গে আনন্দ নিয়েই কোচিংয়ে যাচ্ছিল। পথে বালুবোঝাই একটি ট্রাক তিথিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় তার সহপাঠী রুপা চক্রবর্তী। ট্রাকটি চালানোর সময় চালক ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।
সোমবার সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে।
উপজেলার মধ্যবাজার চাল মহালের ব্যবসায়ী রঞ্জন পাল মনার মেয়ে তিথি পড়ত গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। আহত রুপা গৌরীপুর কালিখলা শ্রী শ্রী লোকনাথ মন্দিরের কর্তা উত্তম চক্রবর্তীর মেয়ে। তার বাড়ি নেত্রকোনার সুসং দুর্গাপুরে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিথি ও রুপা ঘনিষ্ঠ বন্ধু। তারা গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পায়। তিথি উপজেলায় মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করে। দু'জনের স্কুলযাত্রা, প্রাইভেট ও কোচিং সব এক সঙ্গেই চলে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে দুই বান্ধবী রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। গৌরীপুর মধ্যবাজার ধান মহালে পুরনো সোনালী ব্যাংক এলাকায় পেছন দিক থেকে বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক এসে চাপা দেয় তিথিকে। এতে ঘটনাস্থলেই মারা যায় তিথি। ছিটকে পড়ে রক্ষা পায় রুপা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন আগেই না ফেরার দেশে চলে গেছে তিথি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নেত্রকোনার দুর্গাপুর থেকে কিশোরগঞ্জগামী বালুবোঝাই ট্রাকের চালক হুমায়ুন মিয়া গৌরীপুর মধ্যবাজার হারুন পার্ক এলাকায় এসে চলন্ত গাড়িতে ঘুমিয়ে যায়। এ সময় ট্রাকটি রাস্তার এপার-ওপারে এঁকেবেঁকে চলছিল। একপর্যায়ে ট্রাকটি রাস্তার পাশে নেমে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়রা চালক, হেলপারসহ ট্রাকটি আটক করে। ট্রাকে ঘুমিয়ে যাওয়ার কথাও স্বীকার করে চালক হুমায়ুন। পরে হেলপার রবিনসহ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত হওয়ার খবরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় পৌর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পরে তারা নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যায়।
গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ট্রাকটি চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। চালক তাদের কাছে বিষয়টি স্বীকার করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
