ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সাতক্ষীরায় বনবিভাগের নৌ-চালকের লাশ মিলল নদীতে

সাতক্ষীরায় বনবিভাগের নৌ-চালকের লাশ মিলল নদীতে
×

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০০:৩১

সাতক্ষীরা সুন্দরবন সংলগ্ন মাদার নদী থেকে বনবিভাগের কৈখালী স্টেশন অফিসের এক নৌযান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নবাব আলী গাজী (৬৫)। সোমবার রাত ১১টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এলাকার কোস্টগার্ড অফিসের কাছে পল্টুনে বেঁধে রাখা লাশটি উদ্ধার করা হয়।

নবাব আলী শ্যামনগর উপজেলার পুর্ব কৈখালী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনে নৌ-যান চালকের কাজ করছিলেন।

নিহতের ছেলে কাছিকাটা টহলফাড়ির নৌ-যান চালক রফিকুল ইসলাম জানান, রোববার রাত ১০টার দিকে বাবাকে কেউ একজন ফোন করেন। এরপর তিনি পাশের স্টেশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বনের মধ্যে টহলে গিয়েছেন ভেবে রাতে তারা আর ফোন করেননি। সোমবার দুপুরে কৈখালী স্টেশন থেকে তাকে ডাকতে আসে। এরপর তারা নবাব আলীকে খুঁজতে থাকেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, সোমবার রাতে কোস্টগার্ডের সিসি সাহেব ফোন দিয়ে নবাব আলীকে ডাকেন। এরপর তিনি কয়েকজনকে নিয়ে খুঁজতে গিয়ে পল্টুনের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় উপুড় হয়ে ডুবে থাকা একটি লাশ উদ্ধার করেন। লাশটি নবাব আলীর এটা নিশ্চিত হওয়ার পর তারা শ্যামনগর থানা পুলিশকে জানান।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×