প্রেমের টানে ভারতীয় তরুণী বাংলাদেশে
তরুণীকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয় - সময়
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০৯:৩৫ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ১০:৪৭
প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে এসেছেন মোছা. খুসনামা (১৭) নামে এক ভারতীয় তরুণী। বৃহস্পতিবার সকালের দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা সদরের মহানন্দা নদী পার হয়ে ইদগাহ বস্তি এলাকায় পৌঁছান তিনি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
খুসনামা ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হরিয়ানি গ্রামে ইসমাইল হোসেনের মেয়ে। প্রেমিক আব্দুল লতিফ ওরফে রকিব (২১) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর রতনদিঘী গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।
জিজ্ঞাসাবাদে তরুণী জানান, ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামের এক ব্যক্তির হোটেলে তার ভাইয়ের সঙ্গে কাজ করতেন রকিব। এক সময় তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই তরুণীর। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ফলে তিনি বাংলাদেশে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে ভারতের ডাঙ্গীবস্তির সীমান্তের মেইন পিলার-৪৪৪-এর ২ নম্বর সাবপিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই তরুণী। তেঁতুলিয়ার সর্দারপাড়ায় এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তরুণীকে আটক করে থানায় নিয়ে আসে। তরুণী আটকের খবর পেয়ে তার প্রেমিক আব্দুল লতিফও থানায় আসেন। তবে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি তারা।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু ছায়েম মিয়া বলেন, মেয়েটির এখনো বিয়ের বয়স হয়নি। তাই আমরা মেয়েটির অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বি বলেন, এ নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ তার বিষয়ে খোঁজ নিয়ে আমাদের জানাতে চেয়েছে।
