ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

‘অপরিচ্ছন্ন’ সিলেটের জন্য এবার মেয়র আরিফকে দায়ী করলেন পররাষ্ট্রমন্ত্রী

‘অপরিচ্ছন্ন’ সিলেটের জন্য এবার মেয়র আরিফকে দায়ী করলেন পররাষ্ট্রমন্ত্রী
×

সিলেট সিটি করপোরেশনের একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও মেয়র আরিফুল হক চৌধুরী -ফাইল ছবি

 সিলেট ব্যুরো

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০ | ০৮:২০

সিলেট নগরীর সৌন্দর্য বর্ধনের ব্যাপারে প্রায়ই কৃতিত্ব দাবি করেন মেয়র আরিফুল হক চৌধুরী। সাম্প্রতিক সময়ে এই সৌন্দর্য বর্ধন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পূণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটের রাস্তাঘাট ‘অপরিচ্ছন্ন’ থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। গত ৮ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্যের বক্তৃতায় রাষ্ট্রপতি নিজের ‘খারাপ লাগার’ কথা বলেন।

রাষ্ট্রপতির বক্তব্যের পর নগর ভবনে একটি অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেন, নগরীর বাইরের রাস্তায় ময়লা-আবর্জনা দেখে রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এবার সিলেট-১ (নগর-সদর) আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একই অভিযোগ করলেন। সিলেট নগরীকে ‘অপরিচ্ছন্ন’ করে রাখার জন্য পররাষ্ট্রমন্ত্রীও দায়ী করলেন মেয়র আরিফকে।

শুক্রবার বিকেলে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এমপি হিসেবে নিজের এক বছরের মেয়াদে উন্নয়নের ফিরিস্তি ও নতুন পরিকল্পনা তুলে ধরতে এ মতবিনিময়ের আয়োজন করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির বক্তব্য উপস্থাপন করে একজন সাংবাদিক প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি মেয়রকে দায়ী করেন। এনিয়ে সাংবাদিকদের লেখার আহবান জানিয়ে তিনি বলেন, তখন হয়ত কাজ হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বক্তব্যে সিলেট নগরী সম্পর্কে রাষ্ট্রপতির অভিযোগ ‘যথার্থ’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আমি যতবারই সিলেট আসি, দেখি মেয়র সাহেব সারা শহরের রাস্তাঘাট কেটে রেখেছেন। রাস্তার পাশে ময়লা আবর্জনার স্তুপ পড়ে আছে। আমি মেয়র সাহেবকে সব সময় বলি, এগুলো সরান। যে সড়কগুলোর কাজ হয়েছে, সেগুলো পরিষ্কার করেন। একটা একটা করে কাজ করেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছিলেন, ‘আমি সিলেটকে মনে করেছিলাম অনেক সুন্দর, পরিচ্ছন্ন একটা শহর। কিন্তু এখানে এসে আমার মন খারাপ হয়েছে। সিলেটে এসে দেখি রাস্তাঘাটগুলো অপরিচ্ছন্ন। যেখানে সেখানে পলিথিন, কলার ছোলা, কাগজ পড়ে আছে। বিদেশের রাস্তা-ঘাটে থুথু ফেলতেও মানুষ ভয় পায়। অথচ আমাদের দেশে মানুষ নোংরা করার আগেও একবারও ভাবে না। তাদের পরিষ্কারের মানসিকতা হারিয়ে গেছে।’

দীর্ঘদিন ধরে মেয়র আরিফের বিরুদ্ধে অপরিকল্পিত উন্নয়নের অভিযোগ রয়েছে। সিলেট চেম্বারের সাবেক প্রশাসক থেকে শুরু করে ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে সমালোচনা করেছেন। সর্বশেষ পূর্বঘোষণা ছাড়া ব্যস্ততম জিন্দাবাজার-নাইওরপুল সড়কের দুটি কালভার্ট ভেঙে রাস্তা বন্ধ করে দেন মেয়র আরিফ। গত ১২ জানুয়ারি থেকে রাস্তা বন্ধ হলেও দু’দিন পর পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সেদিন থেকে রাস্তা বন্ধের দাবি করেন।

এছাড়া সুরমা নদীর উপর ঐতিহ্যবাহী ক্বিনব্রিজের উপর যানবাহন চলাচল বন্ধ, জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে কালভার্ট ভেঙে রাস্তা বন্ধসহ বিভিন্ন সময়ে পূর্বঘোষণা ছাড়া নানা পদক্ষেপ নেওয়ায় দুর্ভোগ পড়েন নগরবাসী।

আরও পড়ুন

×