বিএসইসির অংশীজন সভা
অনভিজ্ঞ স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে আপত্তি
গতকাল রোববার শেয়ারবাজার অংশীজনের সঙ্গে বিএসইসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ প্রমুখ। ফটো রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬ | ১০:৫১
সংশ্লিষ্ট ব্যবসায় অভিজ্ঞ নয় এমন ব্যক্তিকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা হবে– এমন ধারণা ঠিক নয়। এখন পর্যন্ত এভাবে কোনো ফল মেলেনি। তাই এ ধারা থেকে বিএসইসির বের হয়ে আসা উচিত।
গতকাল রোববার শেয়ারবাজার অংশীজনের সঙ্গে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মাসিক সমন্বয় সভায় এমন মত এসেছে। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিএসইসির চেয়ারম্যান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। স্টক এক্সচেঞ্জ, ব্রোকার, মার্চেন্ট ব্যাংকসহ অন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আনিসুজ্জামান চৌধুরী জানান, এটিই সম্ভবত অংশীজনের সঙ্গে তাঁর শেষ সভা। নির্বাচন হয়ে গেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সরকার থেকে বিদায় নেবেন। দায়িত্ব পালনের সময়ে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘কতটা কী হলো, তা আপনারা মূল্যায়ন করবেন। তবে এ বাজার অনেক দূর যাবে বলে আমার প্রত্যাশা’
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ বলেন, গত দেড় বছরে কমিশন আইনি সংস্কার প্রায় শেষ করেছে। সর্বশেষ আইপিও বিধিমালা হয়েছে। এ নিয়ে সংবাদপত্রে কম লেখালেখি হয়েছে– সভায় এমন মতের প্রেক্ষিতে তিনি দাবি করেন, সাংবাদিকরা তাঁকে বলেছেন, তারা আইপিও বিধিমালায় খারাপ কিছু পাননি।
বাজার সংক্ষেপ
গতকাল ডিএসইতে ২৭৬ কোম্পানি বা মোটের ৭৭ শতাংশের শেয়ারদর বেড়েছে। এতে ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে ৫০৩৫ পয়েন্ট ছাড়িয়েছে। কেনাবেচা হয়েছে ৪৭৪ কোটি টাকা মূল্যের শেয়ার।
- বিষয় :
- বিএসইসি
