ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি
×

নাজমুল হাসান পাপন

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২৩:০৩ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ২৩:০৩

সাবেক মন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতির কাছে তিনটি চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান টিমের প্রধান দুদক উপপরিচালক মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত চিঠিগুলো গত ১ জুলাই পাঠানো হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নাজমুল হক পাপনের বিরুদ্ধ অনিয়ম, দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র চেয়ে অনুসন্ধান টিমের প্রধান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠিগুলো পাঠিয়েছেন।

পাপন কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। 

পাপনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ক্রিকেট বোর্ড ও সরকারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তার যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। 

ক্রিকেট বোর্ডে পাঠানো চিঠির একটিতে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগের জন্য পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি, এক্সপ্রেশন অব ইন্টারেস্ট অনুমোদনের চিঠি, নিয়োগ সংক্রান্ত আর্থিক, কারিগরি, মূল্যায়নসহ চুক্তির মূল কপির সত্যায়িত ফটোকপি চাওয়া হয়েছে। 

আরেক চিঠিতে তাঁর সময়ে বিভিন্ন বিজ্ঞপ্তির বিপরীতে কার্যাদেশ দেওয়া নথিপত্র চাওয়া হয়েছে। প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও ঠিকানা, কার্যাদেশ পাওয়া ঠিকাদারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও চাওয়া হয় এতে। এ ছাড়া বার্ষিক সাধারণ সভা (এজিএম), তৃতীয় বিভাগ বাছাইয়ের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও ক্লাবগুলোর বিস্তারিত তালিকা, বাছাই কমিটির কার্যপরিধি, বিসিবি পরিচালনা পর্ষদের সভা, খাতভিত্তিক খরচের তালিকা, ২০১২-২০১৩ থেকে ২০২৫-২০২৬ সাল পর্যন্ত নিরীক্ষা প্রতিবেদন, বিসিবির অর্থায়নে বিদেশ ভ্রমণ করা কর্মকর্তা-কর্মচারীদের তালিকা, ক্রিকেট ম্যাচ সংক্রান্তে হেলিকপ্টার ব্যবহারের খরচাদির রেকর্ডপত্রসহ অন্যান্য নথিপত্র চাওয়া হয়। 

অপর চিঠিতে বিপিএলের তৃতীয় থেকে একাদশ আসর পর্যন্ত বিসিবির টিকিট বিক্রি সংক্রান্ত দরপত্র, বিজ্ঞপ্তি, সেলিং এজেন্সিদের তালিকা, বিসিবির বিক্রি করা ভাউচার, খরচের হিসাব, মুজিব শতবর্ষ উদযাপনের খরচ সংক্রান্ত বিসিবির রাজস্ব আয়, ব্যয় সংশ্লিষ্ট রেকর্ডপত্র, ২০০৮ থেকে আজ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, পরিচালক, পরিচালনা পর্ষদের সদস্যদের নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, সময়কালসহ তথ্যাদি, সংশ্লিষ্ট রেকর্ডপত্র, নাজমুল হাসান পাপন সভাপতির দায়িত্ব পালনকালে টিকিটিং টেন্ডার অ্যান্ড পারচেজ, ফাইন্যান্স, লজিস্টিকসসহ অন্যান্য কাগজপত্র চাওয়া হয়েছে। তিনটি চিঠিতেই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।  

অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে নাজমুল হাসান পাপন এবং তাঁর স্ত্রী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাবেক নির্বাহী পরিচালকের বিরুদ্ধে গত বছরের ৫ মে তিনটি মামলা করে দুদক।

আরও পড়ুন

×