তেঁতুলিয়ায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ঝুঁকিতে শিল্প প্রতিষ্ঠান
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২২ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:৪০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে আবারও অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন শুরু করেছে একটি গোষ্ঠি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছে দেশের অন্যতম বৃহৎ পোলট্রি শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মস।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, জেল থেকে জামিনে বের হওয়ার পর আবু তাহের নামের এক পাথর-বালু ব্যবসায়ীর নেতৃত্বাধীন একটি চক্র এ কাজ করছে। উত্তোলিত পাথর পরিবহনের জন্য দেশের অন্যতম কাজী ফার্মসের জমিতে জোর করে প্রবেশ করেছে সংঘবদ্ধ চক্রটি। এতে চরম নিরাপত্তাহীনতা ও পরিবেশগত ঝুঁকিতে পড়েছে প্রতিষ্ঠানটি।
কাজী ফার্মস কর্তৃপক্ষ জানায়, স্থানীয়ভাবে ভূমিদস্যু হিসেবে পরিচিত আবু তাহেরের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র গত সোমবার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া মৌজায় কাজী ফার্মসের সীমানা পিলার ভেঙে ফেলে। বর্তমানে ওই সীমানা দিয়ে অবৈধভাবে তোলা পাথর ও বালু পরিবহন করছে তারা।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিষ্ঠানটি আরও জানায়, অবৈধ অনুপ্রবেশের কারণে একদিকে যেমন কাজী ফার্মসের নিরাপত্তা ও সম্পত্তি হুমকির মুখে পড়েছে, অন্যদিকে পাথর উত্তোলন ও পরিবহনের কারণে খামারের পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে ডাহুক নদী থেকে প্রাকৃতিক খনিজ সম্পদ পাথর ও বালু উত্তোলনের অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গত ২২ জুন আবু তাহেরকে জেলহাজতে পাঠিয়েছিলেন আদালত। সম্প্রতি জামিনে বের হয়ে তিনি ও তার দলবল আবারও ডাহুক নদী থেকে পাথর ও বালু তোলা শুরু করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও ভাঙচুরের অভিযোগে কাজী ফার্মসের করা আরও চারটি মামলা চলমান রয়েছে।
- বিষয় :
- বালু উত্তোলন
- টেকনাফ
- পঞ্চগড়