ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
×
×

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

বাসস

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১১:১৭

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এই সফরে তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার পর সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর একটি মন্দিরে ধর্মসভা ও পূজামণ্ডপ পরিদর্শনের পর বেলা ২টা ১৫ মিনিটে সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হলের রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে তাঁর। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

আরও পড়ুন

×