আন্তর্জাতিক ঋণ সম্মেলন
ব্যাংকনির্ভরতা কমিয়ে পুঁজিবাজার ও বন্ডে ঝুঁকতে চায় সরকার
কক্সবাজারের একটি হোটেলে গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় ও এডিবি আয়োজিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে অংশগ্রহণকারীদের সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সমকাল
মেসবাহুল হক, কক্সবাজার থেকে
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:০২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | ১১:১২
বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। বিকল্প উৎস হিসেবে পুঁজিবাজার ও বন্ড বাজার থেকে ঋণ বাড়াতে চায়। একই সঙ্গে দীর্ঘমেয়াদি বন্ড ও ইসলামী শরিয়াহভিত্তিক বিনিয়োগপণ্য সুকুকের দিকে সরকারের বিশেষ আগ্রহ রয়েছে। এর অংশ হিসেবে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে এ বন্ড ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গতকাল রোববার কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে এসব পরিকল্পনার কথা জানানো হয়। সম্মেলনের যৌথ আয়োজক অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক। সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’।
ক্রমবর্ধমান ঋণের চাপ সামাল দেওয়া, ঋণ গ্রহণের ব্যয় ও ঝুঁকি কমানো এবং উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়নের নতুন উৎস খুঁজে বের করতে প্রথম দিনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনে দেশি-বিদেশি নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও অর্থায়ন বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের পাশাপাশি সেখান থেকে দায়িত্বশীল ও টেকসই উপায়ে অর্থ সংগ্রহ সরকারের অন্যতম লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে বিচক্ষণতার সঙ্গে ঋণ গ্রহণ, বাজেট শৃঙ্খলা ও টেকসই অর্থায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
অর্থায়নের নতুন উৎস হিসেবে সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নের কথা ভাবছে জানিয়ে তিনি বলেন, ঋণের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো– অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধিতে তা কতটুকু কার্যকরভাবে কাজে লাগছে।
দেশি-বিদেশি পুঁজি সংগ্রহে সরকারের পরিকল্পনায় থাকা বিভিন্ন উপকরণের কথাও তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘নিউইয়র্কে ডলার বন্ড ছাড়ছি এবং হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড চালু করছি। পরবর্তী সময়ে জাপানের বাজারে সামুরাই বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ব।’
এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর সিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বাড়ায় বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভরতা বাড়ছে। সময়মতো ঋণ পরিশোধের জন্য সরকারি গ্যারান্টিসহ সরকারি ঋণের আরও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ এবং ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান ঝাং। এ ছাড়া বাজেটের ঝুঁকি কমাতে অভ্যন্তরীণ বন্ড বাজারের পরিসর বাড়ানো, প্রকল্প মূল্যায়ন ও সরকারি ক্রয়ব্যবস্থা জোরদার এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের প্রকল্পে তদারকি বাড়ানোর পরামর্শ দেন।
এডিবির পরামর্শক ও আইএমএফের সাবেক উপদেষ্টা প্রসাদ অনন্তকৃষ্ণন সরকারের ঋণ গ্রহণ, উৎপাদনশীল বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যকার সম্পর্ক তুলে ধরেন। কোন পরিস্থিতিতে সরকারি ঋণ অর্থনীতির জন্য সুফল বয়ে আনে এবং কখন অতিরিক্ত ঋণ বাজেটের স্থিতিশীলতা দুর্বল করে বা বেসরকারি বিনিয়োগের সুযোগ কমিয়ে দেয়, তা ব্যাখ্যা করেন তিনি।
তিন মাসের মধ্যে সার্বভৌম বন্ড
আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে সার্বভৌম বন্ড ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চাই। নিউইয়র্ক অথবা লন্ডনের বাজারে ‘সভরেন বন্ড’ ছাড়ার পরিকল্পনা রয়েছে। পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
তানভীর শাহরিয়ার গনি বলেন, বেসরকারি খাত এতদিন মূলত ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তারা পুঁজিবাজারে যায়নি, বন্ডও ছাড়েনি। এতে ব্যাংকগুলোর ওপর ঋণের চাপ তৈরি হয়েছে। উচ্চ সুদে ঋণ নিতে গিয়ে বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস শুধু সরকারের জন্য নয়, বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত করা হচ্ছে।
সামনে ঋণ পরিশোধের চাপ
অর্থমন্ত্রী বলেন, অতীতে নেওয়া বড় অঙ্কের ঋণ পরিশোধের সময় এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হয়েছে। ২০২৯-৩০ অর্থবছরে এ ব্যয় সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে উঠবে।
ঋণের টেকসই ব্যবস্থাপনার জন্য রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে বড় সংস্কার হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। এ জন্য করজাল সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন ও মুদ্রার বিনিময় হারের ওঠানামায় সরকারের ঋণ নেওয়া আরও জটিল হয়েছে। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং সেসব ঋণের আসল-সুদ পরিশোধের দায় নিয়ে প্রতিবেদন উন্নত করা, ট্রেজারি বিল ও বন্ডের নিলামব্যবস্থা শক্তিশালী করা এবং আরও বেশি বিনিয়োগকারীকে বাজারে আনার পরিকল্পনা সরকারের রয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিবের নাজমা মোবারেক বলেন, টাকার হিসাবে ২০২৪-২৫ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বৈদেশিক ঋণের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় দ্বিগুণের বেশি হবে বলে প্রক্ষেপণ রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে সরকারি ঋণের পরিমাণ ছিল জিডিপির প্রায় ৩৯ শতাংশের কম। ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত এই অনুপাত কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আইএমএফের নতুন ঋণ প্রসঙ্গ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার। তবে সংস্থাটির দেওয়া শর্ত ও কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ প্রক্রিয়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আইএমএফের সঙ্গে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো সমাধানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় শেষে ঋণ কর্মসূচি স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া হবে।
বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তের আইএমএফ ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং দেশের অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ ও সরকারের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করতে চায় সরকার।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে বর্তমান ঋণ কর্মসূচির সমঝোতা হয় আগের অনির্বাচিত সরকারের সময়ে। তখন যেসব শর্তে সম্মতি দেওয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ, হঠাৎ করে এসব শর্ত কার্যকর করলে সাধারণ মানুষের ওপর চাপ বাড়তে পারে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি। এ কারণে আইএমএফের শর্ত ও কর্মসূচি বাস্তবায়নে সময় ও ধারাবাহিকতা বজায় রাখতে চায় সরকার।
- বিষয় :
- পুঁজিবাজার
- ব্যাংক খাত
- বন্ড