নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২২ সাংবাদিক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ২১:৪০
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন ২২ সাংবাদিক। পত্রিকা ও অনলাইন, টেলিভিশন এবং রেডিও- এই তিন বিভাগে তাদের সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে তৃতীয়বারের মতো এ পুরস্কারের আয়োজন করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এ ছাড়া নগদের পরিচালনা পর্ষদের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। গত এক বছরে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন থেকে ১০ সদস্যের জুরিবোর্ড সেরা ২২টি প্রতিবেদন নির্বাচন করে।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেওয়ায় ডিআরইউ ও নগদকে ধন্যবাদ। সাংবাদিকেরা ‘অনেস্ট ব্রোকার’ হিসেবে মানুষের কাছে সত্য তুলে ধরেন। তাঁদের গঠনমূলক ও স্বাধীন মতামত নীতিনির্ধারকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। এ ধরনের স্বচ্ছ ও নিরপেক্ষ উদ্যোগ সাংবাদিকতার নৈতিক মানোন্নয়ন এবং গুণগত পরিবর্তনে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, সরকারি সহায়তা ছাড়াই নগদ বর্তমানে প্রায় দুই কোটি সক্রিয় গ্রাহককে সেবা দিচ্ছে এবং সরকারের রাজস্ব আয় বাড়াতে ভূমিকা রাখছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ডিআরইউর সঙ্গে কাজ করার পাশাপাশি সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় ২ কোটি ২০ লাখ মানুষের কাছে ভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগেও নগদ পাশে থাকবে।
পত্রিকা ও অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন- ফয়সাল খান (দেশ রূপান্তর), দিলীপ কুমার শর্মা/রাহুল শর্মা (আজকের পত্রিকা), সাজিদা ইসলাম পারুল (বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম), মোহাম্মদ শাহেদ সিদ্দিকী (যুগান্তর), শাখাওয়াত হোসেন সুমন (ডেইলি সান), মো. তুহিদুজ্জামান তন্ময় (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম), মিজান চৌধুরী (আগামীর সময়), দীপন নন্দী (দ্য ডেইলি স্টার), জুবায়ের হোসেন (ঢাকাপোস্ট ডটকম), ওয়াসিম বিন হাবিব (দ্য ডেইলি স্টার), নাজনীন আখতার (প্রথম আলো), এফ এম আব্দুর রহমান মাসুম (ঢাকাপোস্ট ডটকম), মোহাম্মদ হেলেমুল আলম (দ্য ডেইলি স্টার), গোলাম মওলা (বাংলা ট্রিবিউন) ও শাহ আলম খান (আজকের পত্রিকা)।
টেলিভিশন ও রেডিও বিভাগে পুরস্কার পেয়েছেন কাফায়েত উল্লাহ চৌধুরী (বাংলাভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), মুফতি পারভেজ নাদির রেজা (চ্যানেল ওয়ান), নয়ন আদিত্য (চ্যানেল ওয়ান), গিয়াস উদ্দিন সজীব (চ্যানেল টোয়েন্টিফোর), রাশেদ নিজাম (যমুনা টেলিভিশন) এবং রেমন রহমান (যমুনা টেলিভিশন)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কায়সার এ. চৌধুরী ও জুরিবোর্ডের চেয়ারম্যান এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন।