ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার থেকে ঢাকায় তিন দিনের প্রাণিসম্পদ মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার থেকে ঢাকায় তিন দিনের প্রাণিসম্পদ মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
×
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৯:৫৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ২০:০৯

ঢাকায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জাতীয় প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী। রাজধানীর শেরেবাংলা নগরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে শনিবার পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে।

মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। দেশের প্রাণিসম্পদ খাতের অর্জন, সম্ভাবনা, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন সাধারণ মানুষের সামনে তুলে ধরা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের পাশাপাশি রপ্তানিমুখী শিল্প গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য।
মেলা প্রাঙ্গণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নে দুগ্ধ ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন, প্রাণিজ খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। দর্শনার্থীরা প্রাণিজ খাদ্যের পুষ্টিগুণ, মূল্য সংযোজন, নিরাপদ খাদ্য প্রস্তুত এবং রপ্তানির সম্ভাবনাময় পণ্য সম্পর্কেও জানতে পারবেন।

মেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি ফুড ফেস্টিভ্যাল, রেসিপি প্রতিযোগিতা ও র্যাদম্প শোর আয়োজন থাকছে। এ ছাড়া সড়ক র্যা লি, টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান, প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনার এবং গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। মেলার শেষ দিন প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। এর মধ্যে আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ পদক দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন।

মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে স্থির মূল্যে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। এ অর্থবছরে খাতটির জিডিপির আকার প্রায় ৯৪ হাজার ৯ কোটি টাকা।

তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।

মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে। এ সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৮ হাজার ৬৪৯ টন। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে মাংস ও মাংসজাত পণ্য, বুলস্টিক, ওমাসাম, চামড়া ও চামড়াজাত পণ্য, হাঁসের পালক, দুগ্ধজাত পণ্য ও কবুতর। এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ভিয়েতনাম, চীন, হংকং, ইতালি ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। 

আরও পড়ুন

×